দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রিয়ার নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের জন্মস্থানকে পুলিশ স্টেশনে রূপান্তর করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষের আশা, এর ফলে ভবনটি নাৎসি সমর্থকদের তীর্থস্থানে পরিণত হওয়ার প্রবণতা কমবে।
বুধবার জার্মান সীমান্তবর্তী ব্রাউনাউ আম ইন শহরে নতুন পুলিশ স্টেশনটির উদ্বোধন করা হয়। ২০১৭ সালে অস্ট্রিয়া সরকার ভবনটি কিনে নেয়। পরে ২০১৯ সালে এটিকে পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করা হয়। সংস্কারে ব্যয় হয়েছে প্রায় দুই কোটি ইউরো।
নতুন এই ভবনে জেলা ও স্থানীয় পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাউনাউ আম ইন শহরের মেয়র জোহানেস ওয়াইডবাখার বলেন, এই রূপান্তরের মাধ্যমে স্থানীয় জনগণ ইতিহাসের মুখোমুখি হচ্ছে এবং নিজেদের দায়িত্ব স্বীকার করছে। তিনি আশা প্রকাশ করেন, এতে ভবনটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কও অনেকটা প্রশমিত হবে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাস বিভাগের প্রধান স্টেফান ম্লচোখ বলেন, ভবনটির সঙ্গে অ্যাডলফ হিটলারের যে রহস্যময় ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেটি ভেঙে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
১৮৮৯ সালের ২০ এপ্রিল এই ভবনেই জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার। তবে জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই তার পরিবার সেখান থেকে অন্যত্র চলে যায়। তবু দীর্ঘদিন ধরে ভবনটি নাৎসি সমর্থকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
তবে সমালোচকদের একটি অংশের মতে, ভবনের ব্যবহার বদলালেও ইতিহাস মুছে ফেলা যাবে না। বর্ণবাদ ও ডানপন্থি উগ্রবাদের বিরুদ্ধে কাজ করা সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেছেন, হিটলারের জন্মস্থান হিসেবে ভবনটির পরিচয় বিশ্ব কখনো ভুলবে না এবং উগ্র নাৎসি সমর্থকদের সেখানে যাওয়া পুরোপুরি বন্ধ হবে না।
ভবনের সামনে এখনো মাউথাউজেন বন্দিশিবির থেকে আনা একটি স্মারক পাথর রয়েছে। সেখানে খোদাই করা আছে—‘ফ্যাসিবাদ আর কখনো নয়’। সেই স্মারকের পাশেই নতুন করে যুক্ত করা হয়েছে ‘পুলিশ’ লেখা সাইনবোর্ড।
সূত্র: আল-জাজিরা
/অ